মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো নতুন করে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে একটি বক্তব্য দিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে নাভারো বলেছেন, মোদি একজন ভাল নেতা। কিন্তু আমি বুঝতে পারছি না যে বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের নেতা হয়েও তিনি কেন পুতিন আর শি জিনিপংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন।
তিনি আরও বলেন, আমি ভারতের মানুষকে শুধু এটাই বলতে চাইব যা ঘটনা হচ্ছে সেগুলো বুঝুন। ভারতের মানুষদের মূল্যে ব্রাহ্মণরা মুনাফা কামাচ্ছে। আমরা চাই এটা বন্ধ হোক। নাভারো এর আগেও রাশিয়া থেকে খনিজ তেল কেনার ব্যাপারে ভারতের প্রতি আক্রমণাত্মক মন্তব্য করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত নাভারো গত সপ্তাহে ব্লুমবার্গ টিভির সঙ্গে আলাপচারিতায় বলেছিলেন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ আসলে মোদির যুদ্ধ।
ভারতের ওপর এখন ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। রাশিয়া থেকে খনিজ তেল কেনার কারণে ভারতের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। তারা বলে আসছে রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে ভারত রাশিয়াকে অর্থনৈতিকভাবে সহায়তা দিচ্ছে।
