অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি নির্বাচন, বিপিএল আয়োজনের দায়িত্বে আইএমজি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম

আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হবে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তিন সদস্যের একটি নির্বাচন কমিশন নির্দিষ্ট তারিখ নির্ধারণ করবেন। 

আজ সিলেটে ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে চার জন পরিচালক সরাসরি এবং বাকিরা ভাচুয়ালি অংশ নিয়েছেন সভায়। বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়, যারা নির্বাচনের একটি তারিখ ঘোষণা করবে। 

নিউইয়র্কভিত্তিক ইভেন্ট প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ (আইএমজি)-কে তিন বছরের জন্য বিপিএল পরিচালনার দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত হয়েছে সভায়। 

বিসিবি সভার সিদ্ধান্ত জানান বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। ছবি: দেশ রূপান্তর

বিসিবির বিজ্ঞাপনে সাড়া দিয়ে ৫টি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করে দরপত্র জমা দিয়েছিল। যেখানে ছিল অ্যাপেক্স স্পোর্টিং কনসাল্টিং, আইএমজি, রিয়াল ইমপ্যাক্ট অ্যান্ড অ্যাবসলিউট লিজেন্ডস স্পোর্টস, দ্য আইপিজি গ্রুপ ও মাইন্ড ট্রি। শেষ পর্যন্ত একটা সময় আইপিএল পরিচালনা করা আইএমজিকে নিলো বিসিবি।

এছাড়া বিপিএল ও ডিপিএলে ফিক্সিং কাণ্ডের প্রাথমিক প্রতিবেদন রিভিউ করার জন্য ৪ সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি। 

দেশি আম্পায়াদের দক্ষতা বাড়াতে অস্ট্রেলিয়ার সাবেক আম্পায়ার সাইমন টাফেলকে ২ বছরের জন্য নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। স্থানীয় কোচদের উন্নয়নে অস্ট্রেলিয়ার অ্যাশলে রসকে বাংলাদেশে নিয়ে আসার কথাও জানিয়েছেন ফাহিম। দীর্ঘদিন ধরে খেলোয়াড় তৈরির পাশাপাশি কোচদের মানোন্নয়নেও কাজ করে যাচ্ছেন তিনি। সেপ্টেম্বরেই বিসিবিতে দলবদলসহ যোগ দিবেন রস।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত