কেমন হবে নাবিলার ওটিটি যাত্রা?

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ এএম

বহুমুখী প্রতিভা মাসুমা রহমান নাবিলা। একাধারে একজন অভিনেত্রী, মডেল ও উপস্থাপক। নাটকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেও সুনাম অর্জন করেন তিনি। কয়েক দিন আগে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করে নতুন অভিজ্ঞতার সঞ্চার করেন এই মডেল-অভিনেত্রী। ‘আকা’ নামের অ্যাকশন ও থ্রিলার ঘরানার পেইড ভার্সন ওটিটি কনটেন্টে নাবিলা অভিনয় করেছেন ছোটপর্দার সময়ের চাহিদাসম্পন্ন অভিনেতা আফরান নিশোর বিপরীতে। এর মাধ্যমে আফরান নিশোর সঙ্গেও প্রথম কাজ নাবিলার। সিরিজটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। ন্যায়-অন্যায়, শোধ-প্রতিশোধ, সাসপেন্স ও রহস্যের মিশেলে নির্মিত ‘আকা’ মুক্তি পাবে আগামী ৪ সেপ্টেম্বরে।

মুক্তির কয়েক দিন আগে সিরিজটির ট্রেলার উন্মোচন করা হয়। এই সিরিজে মেঘা নামের একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। নিজের অভিনয়ে নতুনত্ব আনতে নাবিলা তার কথা বলার ধরনে পরিবর্তন এনেছেন, যা অনেকেই প্রশংসাও করেছেন। কেমন হলো নাবিলার প্রথম ওয়েব সিরিজ আর দর্শক মহলেও কতটা গ্রহণযোগ্যতা পাবে এমন প্রশ্নের জবাবে ভাষ্য, ‘আমার জন্য আকা খুবই বিশেষ কাজ। আমার প্রথম সিরিজ হিসেবে এই কাজটা করে আমি খুবই আনন্দিত। সত্যিই আশা করি দর্শক শুধু আমার চরিত্রটাই নয়, আকা সিরিজের গল্প, আবহ এবং নির্মাণকে আপন করে নেবে।’

আর দশজন শোবিজ তারকার চেয়ে নাবিলা বরাবরই ব্যতিক্রম। সবাই যেখানে নিয়মিত সরব থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে সেখানে স্রোতের বিপরীতে পথ চলছেন তিনি। কাজ নিয়েই ব্যস্ত সময় পার করতে হয় তাকে। নাবিলা এখন ব্যস্ত রয়েছেন ‘আকা’র প্রচারণা নিয়ে।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে নাবিলা অভিনীত ‘বনলতা সেন’ নামের একটি সরকারি অনুদানের সিনেমা। চলচ্চিত্রতে নাম ভূমিকায় দেখা যাবে নাবিলাকে। এরই মধ্যে শুটিং, ডাবিং, সম্পাদনা, রঙবিন্যাস, আবহ সংগীতের কাজ শেষ হয়ে গেছে। পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল জানালেন, এখন পর্যন্ত যে পরিকল্পনা, তাতে অচিরেই ছবিটি মুক্তি দিতে চান। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মাসুদ হাসান উজ্জ্বলের এটি দ্বিতীয় চলচ্চিত্র। নাটক ও বিজ্ঞাপনচিত্র দিয়ে হাত পাকানোর পর তার প্রথম চলচ্চিত্র ছিল ‘উনপঞ্চাশ বাতাস’। ছবিটি ২০২০ সালের শেষদিকে মুক্তি পায়। ‘বনলতা সেন’ সরকারি অনুদানের ছবি। পরিচালক উজ্জ্বল দেশ রূপান্তরকে বলেন, ‘শুটিংয়ে যা প্রয়োজন, তা-ই করেছি। গল্পে কোনো আপস করিনি। তাই শুটিং শেষ করতে আট মাসের মতো সময় লেগেছে।’

ছবিটির কেন্দ্রীয় চরিত্র করেছেন মাসুমা রহমান নাবিলা। তবে শুরুতে তাকে অন্য একটি চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল। উপস্থাপিকা নাবিলার এটি চতুর্থ চলচ্চিত্র। শাকিব খানের বিপরীতে ‘তুফান’ ছবিতে অভিনয় করেছেন সর্বশেষ। ২০২৪ সালে মুক্তি পাওয়া ছবিটি হিট হয়।

বনলতা সেন-এ নাবিলার চরিত্রটি নিয়ে পরিচালক উজ্জ্বল বলেন, ‘নাবিলা যে চরিত্রে অভিনয় করেছেন, এই চরিত্রের জন্য কয়েকজন অভিনয়শিল্পীর অডিশন নিয়েছি। নাবিলাও দিয়েছেন। চরিত্রটি যেভাবে আমি ভাবছি, অডিশন শেষে মনে হলো, তা নাবিলাকে দিয়ে করিয়ে নেওয়া সম্ভব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত