ইউএস ওপেনের সেমিফাইনালে আলকারাজের মুখোমুখি জকোভিচ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ এএম

সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা নোভাক জকোভিচ আবারও ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছেন। স্থানীয় সময় মঙ্গলবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে আমেরিকান টেনিস তারকা টেইলর ফ্রিটজকে ৩-১ সেটে (৬-৩, ৭-৫, ৩-৬, ৬-৪) হারিয়ে শেষ চার নিশ্চিত করেছেন সার্বিয়ান কিংবদন্তি। শেষ চারে তার প্রতিপক্ষ বর্তমান বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ।

ইউএস ওপেনের এই ম্যাচ ঘিরে ছিল বাড়তি প্রত্যাশা। কারণ, এদিন মুখোমুখি হয়েছিলেন বর্তমান বিশ্ব র‍্যাঙ্কিংয়ে চার নম্বরে থাকা ফ্রিটজ, যিনি ক্যারিয়ারের সেরা সময় পার করছেন, আর ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে দাঁড়ানো জকোভিচ। তবে দ্বৈরথের পরিসংখ্যান বলছিল ভিন্ন কথা। জকোভিচের বিপক্ষে আগের ১০ ম্যাচেই হেরেছিলেন ফ্রিটজ। মঙ্গলবারও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন সার্বিয়ান তারকা, এগিয়ে গেলেন ১১-০ ব্যবধানে।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখান জকোভিচ। প্রথম সেটে তিনটি এস মারেন, কাজে লাগান দুর্দান্ত দ্বিতীয় সার্ভিস। ফ্রিটজকে শুরুতেই ভেঙে দিয়ে ৩-০ এগিয়ে যান এবং সেট শেষ করেন ৬-৩ গেমে। দ্বিতীয় সেটে লড়াই জমে ওঠে। ফ্রিটজ কিছুটা ঘুরে দাঁড়ান, দর্শকদের সমর্থনও ছিল তার পক্ষে। ৫-৩ গেমে এগিয়ে থেকেও সেট হারার শঙ্কায় পড়েছিলেন জকোভিচ।

ফ্রিটজ একবার ব্রেকও করতে সক্ষম হন। তবে শেষ পর্যন্ত সার্বিয়ান টেনিস কিং জিতে নেন ৭-৫ গেমে। সেট শেষে দর্শকদের উদ্দেশে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে চুমু ছুড়ে দেন। তৃতীয় সেটে আমেরিকান তারকা আরও উজ্জীবিত হয়ে ওঠেন। দ্রুত ৪-১ গেমে এগিয়ে যান এবং শেষ পর্যন্ত ৬-৩ গেমে জয় পান। এতে ম্যাচে ফিরে আসেন ফ্রিটজ, আর দর্শকরাও আরও উৎসাহিত হয়ে ওঠেন।

তবে চতুর্থ সেটে ফের নিয়ন্ত্রণ নেন জকোভিচ। উভয় খেলোয়াড়ই সার্ভিস গেম ধরে রাখছিলেন। ৫-৪ গেমে এগিয়ে থাকা অবস্থায় ফ্রিটজের সার্ভিস ব্রেক করে জয় নিশ্চিত করেন ২৩ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা। ম্যাচ পয়েন্ট নিশ্চিত হওয়ার পর জকোভিচকে দেখা যায় বিজয়ের আনন্দে নাচতে। দর্শকরা ফ্রিটজের লড়াকু মানসিকতার প্রশংসা করলেও শেষ পর্যন্ত করতালি পেয়েছেন জকোভিচই।

এই জয়ে ক্যারিয়ারে ১৪তমবারের মতো ইউএস ওপেনের সেমিফাইনালে উঠলেন জকোভিচ। সেমিফাইনালে আলকারাজের সঙ্গে তার লড়াই সরাসরি সম্প্রচার করবে ডিজনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত