ভিপিপ্রার্থী কাদের

১৯৭৩ এর মতো ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আবদুল কাদের। 

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।

আবদুল কাদের বলেন, ১৯৭৩ সালের নির্বাচনের মতো এবারও একটি বিশেষ গোষ্ঠী ডাকসুকে বানচাল করার ষড়যন্ত্র করছে। তবে আদালতের রায়ে শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং নির্বাচন বহাল রয়েছে। আমরা এই রায়কে সাধুবাদ জানাই।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ৫৭টি বিভাগে পরীক্ষা চলমান থাকা সত্ত্বেও নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া দূরবর্তী স্থানে ভোটকেন্দ্র স্থাপন, সেনা মোতায়েন সংক্রান্ত গুজব ছড়ানো এবং একটানা ৬-৭ দিনের ছুটি ঘোষণার মতো ঘটনাগুলো শিক্ষার্থীদের নির্বাচন থেকে নিরুৎসাহিত করার জন্য পরিকল্পিত প্রচেষ্টা। নির্বাচন কমিশন শিক্ষার্থীদের যৌক্তিক প্রস্তাবনা উপেক্ষা করে নিজেদের পরিকল্পনা চাপিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় না শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে ভোট দিক। সেজন্যই ভোটকেন্দ্রগুলো হল থেকে অনেক দূরে অবস্থিত। বর্তমানে আটটি ভোটকেন্দ্র রয়েছে। এগুলোর সামান্য পুনর্বিন্যাস করলেই শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত