বিসিবি সভাপতিকে নজিরবিহীন হুমকি; সশস্ত্র নিরাপত্তার আবেদন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তথা জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে হুমকি দেওয়া হয়েছে। অক্টোবরের বোর্ড নির্বাচনকে ঘিরে তিনি এখন নিরাপত্তা শঙ্কায় পড়ে গেছেন। পরিস্থিতি এমন যে, তার নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিসিবি।

বিসিবি নির্বাচন ঘিরে গত কিছুদিন ধরেই সরগরম ক্রিকেটপাড়া। কিন্তু বিসিবি সভাপতিকে হুমকি দেওয়ার ঘটনা নজিরবিহীন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বুলবুল নিজেই জানিয়েছেন, সম্প্রতি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাকে হুমকি দেওয়া হয়েছে। ফোনদাতা সেই ব্যক্তি বলেছেন, ‘ইলেকশন না করলে ভালো হয়’। এ ঘটনায় ভয়ও পাচ্ছেন বুলবুল।

গতকাল বৃহস্পতিবার বুলবুলের নিরাপত্তার জন্য জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর চিঠি পাঠান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। চিঠিতে বলা হয়, আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সভাপতির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আমিনুল ইসলামকে বোর্ডের কর্মকাণ্ড পরিচালনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতে হয়। তাই যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গানম্যান নিয়োগ প্রয়োজন।

উল্লেখ্য, দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ফারুক আহমেদ বিসিবি সভাপতি হয়েছিলেন। ৯ মাস পর তাকে সরিয়ে দেয় সরকার। এরপর এনসিএ কোটায় আমিনুল ইসলাম বুলবুল সভাপতির আসনে বসেন। আগামী ৪ অক্টোবরের নির্বাচনে পরিচালক পদে লড়ার সম্ভাবনা রয়েছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। একইসঙ্গে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও ফারুক আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত