জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নৌকা বাইচ দেখে বাড়ি ফিরার পথে ঝিনাই নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে মোর্শেদা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোভা আক্তার (৬) নামে তার মেয়ে নিখোঁজ রয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা খেয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নৌকা ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন।
নিহত মোর্শেদা বেগম ওই এলাকার আনসার আলীর মেয়ে ও নিখোঁজ শিশু শোভা আক্তার তার কন্যা।
স্থানীয়রা জানায়, উপজেলার সৈয়দপুর ও ধারাবর্ষা এলাকায় দুই দিনব্যাপী নৌকাবাইচ এবং গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছিল। নৌকাবাইচ শেষে মোর্শেদা বেগম ও তার মেয়ে বাড়ি ফেরার জন্য খেয়া ঘাটে আসেন। এ সময় নৌকার মাঝি না থাকায় যাত্রীরাই নৌকা চালিয়ে নদী পার হওয়ার চেষ্টা করেন। পরে নৌকা মাঝ নদীতে পৌঁছালে ডুবে যায়। অন্য যাত্রীরা স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে পারলেও মোর্শেদা বেগম ডুবে মারা যান এবং তার মেয়ে নিখোঁজ হয়।
দুর্ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের লিডার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এক নারী নিহত ও তার মেয়ে নিখোঁজ রয়েছে। আরও কেউ নিখোঁজ থাকতে পারে। সরিষাবাড়ীতে ডুবুরি দল না থাকায় শনিবার জেলা বা বিভাগীয় কার্যালয় থেকে ডুবুরি দল এনে উদ্ধার কাজ চালানো হবে।
