মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার রাত ৮ টার দিকে আনন্দপুর এলাকার বিএনপি সমর্থক ওয়াহিদ মোল্লা গ্রুপের লোকজনের সাথে একই এলাকার বিএনপি সমর্থক উজির আলীর লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
গুলিবিদ্ধরা হলেন শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)। এর মধ্যে সোহেল ও লিটনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ গুলিবিদ্ধ রোগীদের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় এখন পর্যন্ত ৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের সবার বাসা মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায়৷ এর মধ্যে গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মাথায় আঘাত রয়েছে।
এলাকায় রাজনৈতিক আধিপত্য নিয়ে তাদের মধ্যে পূর্ব বিরোধ চলছিলো বলে স্থানীয় সূত্র দাবি করেছে। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, এরকম কোন খবর আমাদের জানা নেই। খোঁজখবর নেওয়া হচ্ছে।
