টাঙ্গাইলের ভূঞাপুরে যৌথ বাহিনীর অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৌর এলাকার লোকমান ফকির মহিলা কলেজের সামনে ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় নগদ এক লাখ ২৬ হাজার টাকা ও গাঁজা মাপার মেশিন।
আটককৃতরা হলেন জেলার গোপালপুর উপজেলার নারুচী গ্রামের খন্দকার ছাত্তারের ছেলে খন্দকার সুরুজ (৩২) ও তার স্ত্রী তানিয়া (৩০)।
জানা যায়, দীর্ঘদিন ধরে খন্দকার সুরুজ ও তার স্ত্রী তানিয়া ভূঞাপুর পৌর এলাকায় লোকমান ফকির মহিলা কলেজের সামনে নাজমুল হকের বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী দু’জনকে আটক করা হয়।
এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম বলেন, দীর্ঘদিন যাবৎ তারা উপজেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।