১৬ বছরের অনিয়ম-দুর্নীতি এক বছরে নির্মূল হবে না: শারমীন এস মুরশিদ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ পিএম

সমাজকল্যাণ এবং শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নির্বাচন যথা সময়ে হবে। নির্বাচনের পথে যদি অতিরিক্ত সহিংসতা হয় তাহলে নির্বাচন ভঙ্গুর হয়ে যাবে। ফলে সেটা যেন না হয় সে কারণে পুলিশ প্রশাসনের সঙ্গে জনগণকেও সরকারের পাশে এগিয়ে আসতে হবে। আপনার এলাকায় যেন সহিংসতা না হয় সে খেয়াল রাখা আপনাদের দায়িত্ব। সবাই বসে আছি কবে নির্বাচন হবে। ড. ইউনূসের নেতৃত্বে সরকার দেশ গঠনে কাজ করে যাচ্ছে।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের অনিয়ম দুর্নীতি এক বছরেই নির্মূল করা যাবে না। নতুন বাংলাদেশে শিশু ও মহিলাদের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার বিশেষভাবে কাজ করে যাচ্ছে। অভিভাবকদের পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। যদি আমাদের শিশুদের সঠিক পথে গড়ে তুলতে না পারি তাহলে আমরা বিশ্বের কাছে হেরে যাব।

বাংলাদেশ কমার্স ব্যাংক লি. নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়ার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান,  সোনারগাঁ থানার (ওসি) তদন্ত রাশেদুল হাসান খান, সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের সভাপতি আক্তার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ১৯৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত