৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক 

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম

প্রায় ৩ ঘণ্টা পর ইঞ্জিন বিকল হওয়া মালবাহী ট্রেন সরিয়ে নেয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৬ টার দিকে মালবাহী ট্রেনটি অন্য এক ট্রেনের ইঞ্জিন দিয়ে ইব্রাহিমাবদ স্টেশনে টেনে আনা হয়। টাঙ্গাইল রেলস্টেশনের মাস্টার নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিকেল সাড়ে ৩ টার দিকে ভাবলা এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে উত্তরাঞ্চলের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে হাজার হাজার যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

নাজমুল হাসান জানান, বিকেলে মালবাহী একটি ট্রেন ঘারিন্দা স্টেশন থেকে সেতু পূর্বপাড়ের দিকে যাচ্ছিল। ইব্রাহিমাবাদ স্টেশনে আটকে থাকা লালমনিরহাট এক্সপ্রেসের ইঞ্জিনের সহায়তায় বিকল হওয়া মালবাহী ট্রেনটি ঘটনাস্থল থেকে ইব্রহিমাবাদ স্টেশনে আনার পর সন্ধ্যা সাড়ে ছয়টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ইব্রাহিমাবাদ স্টেশনের মাস্টার সোহেল রানা বলেন, “ইঞ্জিন বিকল হওয়া ট্রেনের কারণে ইব্রাহিবাদ স্টেশনে দুটিসহ বিভিন্ন স্টেশনে চারটি ট্রেন আটকা পরে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত