ইসরায়েলের যে কোনো হামলার জবাব আরও কঠোরভাবে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ পিএম

ইরানের শীর্ষ সংসদ সদস্য ইব্রাহিম আজিজি ভবিষ্যতে ইসরায়েলের যে কোনো হামলার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতিবিষয়ক কমিশনের প্রধান আজিজি জানান, ‘ইরান ও তার সশস্ত্র বাহিনী যদি আবারও ইসরায়েল বা তার মিত্রদের হামলার মুখোমুখি হয়, তবে তাদের প্রতিক্রিয়া চূড়ান্ত ও কঠোর হবে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘এইবার আমাদের প্রতিক্রিয়া আরও কঠোর ও সিদ্ধান্তমূলক হবে।’

আজিজি উল্লেখ করেন, জুন মাসের ১২ দিনের যুদ্ধে ইরান একা ছিল না। এই সংঘর্ষে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ ইসরায়েলকে সামরিকভাবে সহায়তা করেছে। তিনি বলেন, ‘সংঘর্ষকে কেবল ইরান ও ইসরায়েলের যুদ্ধে সীমাবদ্ধভাবে দেখা ঠিক হবে না, বরং একাধিক দেশ এতে সক্রিয়ভাবে অংশ নিয়েছে।’

তিনি আরও জানান, ইরানের সামরিক হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে মার্কিন দূত স্টিভ উইটকফ-এর মাধ্যমে যুদ্ধবিরতির বার্তা পাঠায়। আজিজি বলেন, ‘এবার তারা ইরানের সামরিক শক্তি ও সক্ষমতা বুঝতে পেরেছে।’

চলতি বছরের ১২ জুন ইরান হামলার মুখোমুখি হয়। এই ঘটনায় বহু শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিক নিহত হন।

এর প্রতিক্রিয়ায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ নামে শক্তিশালী প্রতিশোধমূলক অভিযান চালায়। এই অভিযানে প্রথমবারের মতো দেশীয়ভাবে উন্নত নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

শত শত ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অক্ষম করে দেশের গুরুত্বপূর্ণ সামরিক, গোয়েন্দা, শিল্প, জ্বালানি ও গবেষণা কেন্দ্রে আঘাত হানে।

এরপর ২৪ জুন থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

সূত্র: মেহের

×
সর্বশেষ সর্বাধিক পঠিত