গোয়ালন্দে পুলিশের ওপর হামলা ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার ৫

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের মাজারকেন্দ্রিক সহিংসতা, অগ্নিসংযোগ, কবর থেকে মরদেহ উত্তোলন এবং পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের লাল মিয়া মৃধার ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা (৪০)। 

এছাড়া আরও গ্রেপ্তার হয়েছেন পৌরসভার দেওয়ানপাড়ার শাফিন সরদার (১৯), জহির উদ্দিনের ছেলে এনামুল হক জনি (৩২), কাজীপাড়ার অপু কাজী (২৫) এবং দক্ষিণ উজানচরের মাসুদ মৃধা (২৯)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লাপাড়ায় নুরাল পাগলের দরবার শরীফে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল থেকে হামলার সূত্রপাত হয়। এ সময় দরবার শরীফে ভক্ত ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৫০ জন আহত হন। পরবর্তীতে দরবারে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা পুলিশ সদস্যদের ওপরও হামলা চালানো ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। 

ঘটনার পরদিন রাতে গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাত সাড়ে তিন হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী একযোগে কাজ করছে। আপাতত দরবার শরীফ এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখা হয়েছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত