বিগত এক বছর ধরে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের জানমালের কোনও নিরাপত্তা দিতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এ অবস্থা থেকে মুক্তি পেতে তিনি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক শোষণমুক্ত সমাজ ও রাষ্ট্র নির্মাণ করার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, গত ৫৪ বছরে কোনো সরকার মানুষের মর্যাদা ও অধিকার কেউ প্রতিষ্ঠা করতে পারেনি। বিভিন্ন সময় ক্ষমতাসীন দল ও গোষ্ঠী নিজেদের আখের গুছিয়েছে। এমনকি মানুষের ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিলো। এ ব্যবস্থার পরিবর্তন করতে হলে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সিপিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির দশম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি প্রবীণ আইনজীবী সৈয়দ মো. জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী সোহেল। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন দশম জেলা সম্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক আহমেদ হোসেন। শুভেচ্ছ বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক , বাংলাদেশ জাসদ নেতা অধ্যাপক জাফর আহমেদ আকসির। এর আগে সম্মেলন উপলক্ষে জেলা শহরে এক বর্ণাঢ্য লাল পতাকা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকেলে সিপিবির জেলা কার্যালয়ে সম্মেলনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে রুহিন হোসেন প্রিন্স বলেন, স্থানীয় সরকারের উন্নয়ন চাই। জনগণ স্থানীয় উন্নয়নের কেন্দ্রবিন্দু হবে। আর সংসদে আইন প্রণয়ণ জাতীয় বাজেটসহ রাষ্ট্রযন্ত্রের অন্যান্য দায়িত্ব পালন করবেন। আর এ কাজে মনোযোগী না হয়ে দ্বি-কক্ষবিশিষ্ট সংসদের কথা বলছেন। এত জনগণের মুক্তি আসবেনা। তাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে ঘরে ঘরে, গ্রামেগঞ্জে মানুষের অধিকার নিয়ে লড়াই করতে হবে।
তিনি আরও বলেন, ‘কমিউনিস্টরা দেশে দেশে লড়াই চালিয়ে যাচ্ছে। আমাদের দেশের যাবতীয় সম্পদ দেশি বিদেশি লুটেরা লুট করছে। দেশের বন্দর, প্রাকৃতিক সম্পদ পার্বত্য চট্টগ্রামসহ সমুদ্র এলাকা এ সরকার আমেরিকা ও বিদেশিদের হাতে তুলে দেবার পাঁয়তারা করছে। জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। অতি দ্রুত রাষ্ট্রের মৌলিক সংস্কার করে নির্বাচিত একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
