কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ইউরিয়া সার বেশি দামে বিক্রি করার অভিযোগে আব্দুস ছামাদ নামের এক সাব ডিলারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন ও কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।
এর আগে সকালে কৃষক জাহাঙ্গীর আলম সার ক্রয় করতে আসলে গাবতলা বাজারের সাব ডিলার আব্দুস ছামাদ সরকারের বেঁধে দেয়া দাম ১৩শ ৫০ টাকার পরিবর্তে ১ বস্তা (৫০ কেজি) ইউরিয়া সার ১৮শ টাকা রাখেন। দাম বেশি রাখায় উপস্থিত অন্যান্য কৃষকের সাথে ডিলারের লোকজনের সাথে বাক-বিতণ্ডা বাঁধে। খবর পেয়ে ইউনিয়নটির উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সারের দাম বেশি রাখার প্রমাণ পান। পরে বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তার নজরে আসলে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, উপজেলায় পর্যাপ্ত সার মজুদ রয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে সার বিক্রি করছে এমন অভিযোগ রয়েছে আমাদের কাছে। এর প্রেক্ষিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা কৃষি দপ্তর। আজকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজন সাব ডিলারকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
