বিদ্যুৎস্পৃষ্টে ছাদ থেকে পড়ে মুয়াজ্জিনের মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুতের শর্ট সার্কিটে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার চার দিন পর রফিকুল ইসলাম (৬৫) নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। গত শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নিহতের চাচাতো ভাই মাঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর সকালে উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পুমকারা গ্রামের স্থানীয় জামে মসজিদের ছাদ পরিষ্কার করছিলেন রফিকুল ইসলাম। এ সময় বিদ্যুতের শর্ট সার্কিটে তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষ পর্যন্ত তার জীবন রক্ষা সম্ভব হয়নি।

নিহত রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই জামে মসজিদে মুয়াজ্জিন ও খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি মৃত সুলতান আহমেদের ছেলে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আমরা ঘটনাটি জেনেছি। ঘটনাস্থলে একজন এসআইসহ ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত