নেশার টাকার জন্য বাবার সঙ্গে ধস্তাধস্তি, প্রাণ গেল ছেলের

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম

রাজধানীর ডেমরায় নেশার টাকার জন্য বাবার সঙ্গে ধস্তাধস্তি করতে গিয়ে ধারালো বটির ওপর পড়ে গিয়ে রাকিব হোসেন বাবু (২৫) নামে এক মাদকাসক্ত ছেলের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে ডেমরা বামৈল তালতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেলে সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত রাকিবের মামা আব্দুস সালাম জানান, তাদের বাড়ি ময়মনসিংহের কোতয়ালীতে। বর্তমানে ডেমরা বামৈল তালতলা বাজার মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। পেশায় রাকিব আটোরিকশা চালক। তবে তিনি মাদকাসক্ত।

তিনি আরও জানান, মাঝে মধ্যেই নেশার টাকার জন্য তার বাবা আবুল কাশেমের সঙ্গে ঝগড়া করতেন। সোমবার দুপুরে নেশার টাকার জন্য বাসার ভেতর বাবার সঙ্গে ঝগড়া শুরু করেন রাকিব। বাবা-ছেলের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে রাকিব ঘরে থাকা বটির ওপর পড়ে গিয়ে জখমপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ডেমরা এলাকা থেকে স্বজনরা যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। স্বজনরা দাবি করছেন, নেশার টাকার জন্য বাবা ছেলে ধস্তাধস্তির এক পর্যায়ে বটির ওপর পড়ে গিয়েছিলেন তিনি। তবে প্রকৃত ঘটনা কি তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত