রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা গতকাল রোববার শেষ হয়েছে। রাকসুর ২৩টি পদের বিপরীতে ২৬০ জন, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৬২ জন এবং প্রতিটি হল সংসদ নির্বাচনে ১৫ টি পদে মোট ১৭টি হলে ৬০৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গতকাল রবিবার রাতে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এক সংবাদ বিফ্রিংয়ে এসব তথ্য জানান।
তফসিল অনুযায়ী সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা মনোনয়নপত্র দাখিলের সময় থাকলেও রাত পৌনে ৮টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়। এর আগে প্রথমদিন গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া শুরু হয়। তিনটি স্তরের নির্বাচনে অংশ নিতে মোট ৯২৫টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে দুইপদে অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত ৩১ আগস্ট মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষ হয়। ওই সময় রাকসুতে ৩৯৫ জন, সিনেটে ৮৪ জন এবং ১৭টি হলে ৭৫৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সেই হিসেবে মনোনয়নপত্র জমা দেননি রাকসুতে ১২৬ জন, হল সংসদে ১৫১ জন এবং সিনেটে পদে ২২ জন।
ভিপি পদে ২০, জিএস পদে ১৫, বাকি কোন পদে কত
রাকসুর ২৩টি পদে ২৬০ জন মনোনয়নপত্র জমা দেওয়া পদপ্রার্থীদের মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ২০ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৫ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন রয়েছে।
এ ছাড়া ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে ৯ জন, সহকারী ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে ৬ জন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ১১ জন, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৯ জন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ৭ জন, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে ৮ জন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে ১৩ জন, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে ১০ জন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ১০ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ৯ জন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ৮ জন, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৯ জন, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৬ জন, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১২ জন, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১৮ জন এবং নির্বাহী সদস্য পদে ৫৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
হল সংসদ
প্রতিটি হলে ১৫টি পদে হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৭টি হলে নির্বাচনে অংশ নিতে মোট ৬০৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে শেরে বাংলা ফজলুল হক হলে ৪১, শাহ মখদুম হলে ৪৩, নবাব আব্দুল লতিফ হলে ৩০, সৈয়দ আমীর আলী হলে ৪০, শহীদ শামসুজ্জোহা হলে ৩৮, হবিবুর রহমান হলে ৪৯, মতিহার হলে ৪৮, মাদার বখশ হলে ৪২, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ৫১, শহীদ জিয়াউর রহমান হলে ৪৬, বিজয়-২৪ হলে ৩৫। অন্যদিকে ছাত্রীদের মন্নুজান হলে ২৬, রোকেয়া হলে ২২, তাপসী রাবেয়া হলে ২৪, বেগম খালেদা জিয়া হলে ২০, রহমতুন্নেসা হলে ২১ এবং জুলাই-৩৬ হলে ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ৮ ও ৯ সেপ্টেম্বর প্রার্থীদের যাচাই-বাছাই শেষে আগামী ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ওইদিন কোন পদে কে এবং নারী কতজন এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে।
সবশেষ সংশোধিত তফসিল অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর প্রকাশিত প্রার্থিতার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশিত হবে।
আমাদের ১৮ কোটি মানুষ জলবায়ু ঝুঁকির মধ্যে রয়েছে: প্রেস সচিব
শ্রীপুরে র্যাব অবরুদ্ধের ঘটনায় মামলা, আটক ১৪
এআইইউবি-এর পাবলিক হেলথ বিভাগের স্কয়ার ফার্মায় ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত