কুমিল্লার দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা. শাহানাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে তাকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বারপাড়া ইউনিয়নের চারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) ওসি মনিরুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ আগস্ট কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজারে সুলতান মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। ঘটনার দীর্ঘ ১১ মাস পর এ বছর ২৬ জুন নিহতের স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখ করে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা করেন। সেই মামলার ২৮ নাম্বার আসামি হিসেবে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোসা.শাহানাজকে পুলিশ গ্রেপ্তার করেছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুনায়েদ চৌধুরী জানান, একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে সোমবার রাতে ইউপি চেয়ারম্যান শাহানাজকে গ্রেপ্তার করা হয়েছে।
