পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) গবেষণায় সামুদ্রিক শৈবাল (সি-উইড) প্রক্রিয়াজাত করে পুষ্টিকর খাবার ও প্রসাধনী সামগ্রী তৈরি করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানায়, বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা দীর্ঘদিনের গবেষণায় আইসক্রিম, মিষ্টি, জিলাপি, বিস্কুট, সচেজ, জাপানের খাবার শুশি, নোরি শিটসহ নানা খাবার তৈরিতে সফল হয়েছেন। এছাড়া শৈবাল দিয়ে ফুড সাপ্লিমেন্ট ট্যাবলেট, সাবান ও উপটানসহ প্রসাধনীও উৎপাদন করা হচ্ছে। এসব খাবারের স্বাদ ভিন্ন এবং বাজারে এলে চাহিদা তৈরি হবে।
শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, সি-উইড দিয়ে তৈরি খাবার খেতে সুস্বাদু। তাছাড়া এর অর্থনৈতিক সম্ভাবনারও সুযোগ রয়েছে।
অধ্যাপক ড. মো. রাজীব সরকার বলেন, সামুদ্রিক শৈবালকে আমি সামুদ্রিক সবজি বলি। এতে উচ্চমানের প্রোটিন, ভিটামিন ও মিনারেলস রয়েছে।এছাড়া উপকূলে শৈবাল চাষ বিস্তৃতভাবে শুরু করা গেলে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে।
