বয়স ১৬ হলেই এনআইডি দেবে ইসি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, এখন থেকে যাদের বয়স ১৬ বছর পূর্ণ হবে, তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, বিভিন্ন কাজে এনআইডি লাগে, সেটি বিবেচনায় নিয়ে ১৬ বছর বয়সীদের এনআইডি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, বছরের যেকোনো সময় ১৬ বছর পূর্ণ হলেই এনআইডির জন্য নিবন্ধনের আবেদন করা যাবে। এ ছাড়া এখন থেকে এনআইডি হারিয়ে গেলে তা পুনরায় তুলতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন নেই।

ইসি সচিব আরও জানান, ‎রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন চলে এসেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) কমিশনে উপস্থাপন করা হবে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‎আইন মন্ত্রণালয়ে প্রতীকের তফসিলের ভেটিং হয়ে দ্রুত আসবে আশাবাদী নির্বাচন কমিশন। ‎‎পোস্টাল ব্যালটে ভোটের নিবন্ধনের জন্য এপস তৈরি করা হচ্ছে। প্রবাসীরা আগামী নির্বাচনে ভোট দেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত