এনসিপি থেকে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার পদত্যাগ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক দুই সেনা কর্মকর্তা। তারা হলেন মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ, যিনি যুগ্ম মুখ্য সংগঠক পদে ছিলেন, এবং মেজর (অব.) মো. সালাউদ্দিন, যিনি ছিলেন কেন্দ্রীয় সদস্য।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি জানান তারা।

সংবাদ সম্মেলনে মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মাহমুদ বলেন, গাজীপুর-৩ আসন নিয়ে দীর্ঘদিন কাজ করেছি। এ কারণে এনসিপি দলে আমার নাম আসে। তবে জাতীয় নির্বাচনে আমি এনসিপির ব্যানারে অংশ নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানাব।

পদত্যাগের কারণ জানাতে গিয়ে তিনি বলেন, এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী ও প্রাক্তন সেনাসদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন। যা নিয়ে একাধিকবার দলের সিনিয়র নেতৃত্বকে অবহিত করলেও এর কোনো সুরাহা মিলেনি বলেও জানান তারা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত