আটকে পড়া ফুটবলারদের আনতে কাল নেপাল যাবে বিমানের ফ্লাইট

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম

আন্দোলনে বিমান চলাচল বন্ধ থাকায় নেপালে আটকা পড়া বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়দের আনতে আগামীকাল নেপাল যাচ্ছে বিমানের ফ্লাইট। আজ বুধবার বিমান সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমান সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই ফ্লাইটের জন্য বোয়িং সিরিজের ৭৮৭-৮ উড়োজাহাজ ব্যবহার করা হবে, যার আসন সংখ্যা ১৬২ জন। এ ছাড়া কাঠমান্ডু রুটে আটকে পড়া যাত্রীদের আনা-নেওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। বিমানের উচ্চ ব্যবস্থাপনার নির্দেশে বিলম্বিত ফ্লাইটসমূহ নতুন সময়সূচি অনুযায়ী ১১ সেপ্টেম্বর পরিচালিত হবে।

বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, ৯ সেপ্টেম্বরের বিলম্বিত ফ্লাইট বিজি৩৭৩/৩৭৪ এবং ১০ সেপ্টেম্বরের বিলম্বিত ফ্লাইট বিজি৩৭১/৩৭২ একই দিনে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে পরিচালিত হবে। আধুনিক সুবিধা সম্পন্ন এই উড়োজাহাজে যাত্রীদের আরামদায়ক ভ্রমণের নিশ্চয়তা দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, নেপালে সরকারবিরোধী সহিংস বিক্ষোভের মধ্যে কাঠমান্ডুতে আটকা পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকার ‘সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে’। প্রধান উপদেষ্টার দপ্তর ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সক্রিয়ভাবে কাজ করছে।

বুধবার এক তথ্য বিবরণীতে মন্ত্রণালয় বলেছে, নেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার। দলের নিরাপত্তা ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রধান উপদেষ্টার দপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দলের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সক্রিয়ভাবে কাজ করছেন।

নতুন ফ্লাইট সূচি অনুযায়ী, বিজি৩৭৩/৩৭৪ ঢাকা–কাঠমান্ডু–ঢাকা, শুক্রবার ঢাকা থেকে ছাড়বে ভোর ৪টায়, কাডমন্ডু পৌঁছাবে ভোর সাড়ে ৫টায়, কাঠমান্ডু থেকে ছাড়বে সকাল ৭টায়, ঢাকা পৌঁছাবে সকাল ৮টা ২৫ মিনিটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, কাঠমান্ডু রুটে বিভিন্ন কারণে যাত্রীরা আটকে ছিলেন। তাদের ভোগান্তি দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী যাত্রীরা সহজেই কাঠমান্ডু থেকে ঢাকায় কিংবা ঢাকা থেকে কাঠমান্ডু ভ্রমণ করতে পারবেন। এ ছাড়া যাত্রীদের সকল সেবা যথাযথভাবে নিশ্চিত করতে গ্রাউন্ড হ্যান্ডলিং, চেক-ইন এবং বোর্ডিং প্রক্রিয়াতেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিমানের এক মুখপাত্র জানান, আমরা যাত্রীদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তাদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। এ কারণেই বিলম্বিত ফ্লাইটগুলো দ্রুত নতুন তারিখে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাঠমান্ডু রুটে এই বিশেষ ফ্লাইট পরিচালনার মাধ্যমে আটকে থাকা সব যাত্রীকে যথাসময়ে গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত