চলতি এশিয়া কাপে বিশেষজ্ঞ বিশ্লেষক হিসেবে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে অন্তর্ভুক্ত করায় তীব্র সমালোচনার মুখে পড়েছে ভারতের সম্প্রচার সংস্থা সনি স্পোর্টস। সম্প্রতি জম্মু-কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের নিহত হওয়ার পর থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে। এর মধ্যে আকরামের উপস্থিতি ভারতীয় দর্শকদের একাংশের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে।
আকরামের সঙ্গে সনি স্পোর্টসের প্যানেলে আছেন ভারতীয় সাবেক ব্যাটার রবিন উথাপ্পা এবং সঞ্চালক সঞ্জনা গণেশন। সোশ্যাল মিডিয়ায় বহু সমর্থক সনি স্পোর্টসের বিরুদ্ধে ‘সংবেদনশীলতার অভাব’ এবং ‘দ্বিমুখী আচরণের’ অভিযোগ তুলেছেন। অনেকেই প্রশ্ন করছেন— যেখানে পাকিস্তানি ক্রিকেট দলকে বয়কটের দাবি উঠেছে, সেখানে একজন পাকিস্তানি কিংবদন্তিকে ভারতীয় সম্প্রচার প্যানেলে রাখা কতটা যৌক্তিক?
একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘পাহেলগামে মানুষ মারা যাচ্ছে, আর সনি শুধু টিআরপি আর টাকার চিন্তা করে একজন পাকিস্তানি বিশ্লেষককে এনে জনমতকে আঘাত করছে!’ আরেকজন লিখেছেন, ‘ওয়াসিম আকরামকে ভারতীয় চ্যানেলে দেখলে কেউ কিছু বলে না, কিন্তু ফাওয়াদ খান বলিউডে অভিনয় করলে তীব্র আপত্তি তোলা হয়—এটাই দ্বিমুখী মানসিকতা।’
জানা গেছে, ১২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচেও বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন ওয়াসিম আকরাম। তবে দর্শক ও ভক্তদের চাপের মুখে সনি স্পোর্টসকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, এশিয়া কাপের আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক সুর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সালমান আগার সঙ্গে দূরত্ব বজায় রাখলেও, শেষ মুহূর্তে ম্যাচ বয়কট বা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের সূচি ঘোষণা, প্রতিপক্ষের অপেক্ষায় পিএসজি
টাকা সবকিছু ধ্বংস করে, যত টাকা তত সমস্যা: এমবাপ্পে
এমবাপ্পেকে বর্ণবাদী আক্রমণ করায় সমর্থক গ্রেফতার