হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৪০ টাকা পাওনা নিয়ে শিশুদের ঝগড়া নিয়ে বড়দের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আহতদের পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারেটা থেকে দুপুর একটা পর্যন্ত উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরী গ্রামের মাসুক মিয়া ও মুফাচ্ছির মিয়ার লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়- ১০-১২ দিন পুর্বে শিবপাশার যশকেশরী গ্রামের মআলকাছ মিয়ার ছেলে রাবেল মিয়া (১২) একই এলাকার নবী মিয়ার ছেলে নাইমের (১৩) কাছে একটি খেলনার ব্যাটারি বিক্রি করে। কিন্তু কয়েকদিন যাবার পর নাইম রাবেলের পাওনা ৪০ টাকা না দেওয়ায় রাবেল নাইমের পিতা নবী মিয়ার কাছে বিষয়টি জানায়। এ নিয়ে দুই পক্ষের মধ্য বাক-বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা উভয়পক্ষকে শান্ত করে বিষয়টি ১২ সেপ্টেম্বর (শুক্রবার) সালিশে নিষ্পত্তির উদ্যোগ নেয়।
কিন্তু বৃহস্পতিবার সকালে বিষয়টি নিয়ে নবী মিয়ার সাথে গ্রামের জনৈক আলকাছ মিয়ার বাক-বিতন্ডা বাঁধে। এসময় আলকাছ মিয়ার লোকজন নবী মিয়াকে মারধোর করে। বিষয়টি উভয়পক্ষের লোকজনের মধ্যে জানাজানি হলে উভয়পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, বাচ্চাদের চল্লিশ টাকা পাওনা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মুরাদনগরে গার্ল গাইডস হলদে পাখিদের টেস্ট কার্ড প্রশিক্ষণ অনুষ্ঠিত
শুরু হলো রূপায়ণ-বসুন্ধরা প্রপার্টি ফেয়ার