কামরাঙ্গীরচরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম

রাজধানীর কামরাঙ্গীরচর খোলামোড়া এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত এক ব্যাটারিচালিত রিকশাচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম আকরাম হোসেন (২৭)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকরাম।

এর আগে বুধবার দিবাগত রাত ৩টার দিকে কামরাঙ্গীরচর খোলামোড়া বাঁশপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।

পথচারী শামীম মিয়া জানান, বুধবার রাতে খোলামোড়া বাঁশপট্টি এলাকায় আহত রক্তাক্ত অবস্থায় পরে ছিলেন ওই রিকশাচালক। পাশেই তার রিকশাটি ছিল। তখন দ্রুত তাকে ঢাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছিনতাইকারীরা তার রিকশা ছিনিয়ে নিতেই তাকে ছুরিকাঘাত করে থাকতে পারে।

নিহত আকরামের ভাবী রানী বেগম জানান, তাদের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ থানার কলকিপাড়া গ্রামে। বর্তমানে কামরাঙ্গিরচর জাউলাহাটি এলাকায় স্ত্রী শাহনাজ বেগম ও এক ছেলেকে নিয়ে থাকতেন আকরাম।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে স্বজনরা খবর পান, আকরাম ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেলে আছেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পথচারীরা জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছিলেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, বুধবার রাতে খোলামোড়া এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ঘটনার পরপরই আমাদের টহল টিম ঘটনাস্থলে যায়। দুজন ছেলেকে দৌড়ে চলে যেতে দেখা যায়। ঘটনাটি ছিনতাইয়ের নাকি অন্য কোনও ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত