প্রয়াত জটার স্ত্রীর সঙ্গে নেভেসের ঘনিষ্ঠ ছবি ফাঁস, প্রতিবাদের ঝড়

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ পিএম

লিভারপুলের সাবেক স্ট্রাইকার দিয়োগো জটার মৃত্যুর পর ফুটবল বিশ্বে শোক এখনও কাটেনি। এর মাঝেই জটার ঘনিষ্ঠ বন্ধু রুবেন নেভেসকে ঘিরে তৈরি হলো বিতর্ক। জটার বিধবা স্ত্রী রুথ কার্দোসোর সঙ্গে নেভেসের অন্তরঙ্গ ছবি প্রকাশিত হয়েছে একটি পর্তুগিজ ম্যাগাজিনের। এই ঘটনায় সেই ম্যাগাজিনের ওপর বেজায় চটেছেন নেভেস।

পর্তুগিজ ম্যাগাজিন ‘টিভিগুইয়া’-র কভারপেজে নেভেস এবং রুথ কার্দোসোর একটি অন্তরঙ্গ ছবি প্রকাশ করে শিরোনাম দেওয়া হয়েছে- ‘রুবেন নেভস এবং রুথ। জটার মৃত্যুর পর ঐক্যবদ্ধ। দিওগো জোতার বিধবা কীভাবে তার সেরা বন্ধুর উপর নির্ভর করে?’ তারা আরও লিখেছে, ‘জটার মৃত্যুর পর রুথের সবচেয়ে বড় আশ্রয় ছিলেন নেভেস। তিনি সেই বন্ধু যিনি জটাকে কখনও হতাশ করেননি এবং যিনি পরিবারের চেয়েও বেশি কিছু। সেই ম্যাগাজিনের কভারে লাল চিহ্নিত রুথ ও নেভেসের ছবি। নেভেসের প্রতিবাদী কমেন্ট।

ছবিটি প্রকাশিত হওয়ার পর ২৮ বছর বয়সী নেভেস ক্ষোভ প্রকাশ করে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যে ব্যক্তি এই ছবি কভার পেজে প্রকাশ করেছে, সে সুখী হওয়ার যোগ্য নয়। আমার স্ত্রী এবং আমি ১১ বছরেরও বেশি সময় ধরে সুখী জীবন যাপন করছি। আমরা কখনো কোনো বিতর্কে জড়াইনি এবং সবসময় রুথ এবং তার পরিবারের পাশে থেকেছি, এবং ছবিটি নির্বাচনের প্রক্রিয়া অত্যন্ত দুঃখজনক।’

নেভেসের এই বক্তব্যে মুহূর্তে আড়াই হাজারের বেশি লাইক পড়ে এবং ফুটবল অনুরাগীরা তার পাশে দাঁড়ান। ঘটনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রচার পায়। ব্রিটিশ গণমাধ্যম ‘ডেইলি মিরর’ লিখেছে, ‘দিয়েগো জটার সেরা বন্ধু রুবেন নেভেস বিধবা রুথের সঙ্গে কোনো সম্পর্ক থাকার কথা সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন, যদিও একটি কভার ছবিতে তাদেরকে ভুল প্রেক্ষাপটে দেখানো হয়েছে।’

রুথ আর নেভেসের ছবি এভাবে ফাঁস করার প্রতিবাদ জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বোন কাটিয়া আভেইরা। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমি নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করিনি: তারা টাকার জন্য এত নিচে নেমে গেছে! ন্যূনতম মনুষত্ব্য থাকলে কেউ এমন কাজ করবে না এবং এত লজ্জাজনক কিছু প্রকাশ্যে আসতে দেবে না। আমি এর ন্যায়বিচার চাই, সেটা আদালতে কিংবা ঐশ্বরিকভাবে। আমি লজ্জিত... আমাদের দেশের জন্য লজ্জিত, কী ভয়াবহ!’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত