বার্সেলোনায় স্বপ্নভঙ্গ; হতাশা ভুলে ইংলিশ ক্লাবে রোনালদিনহোর ছেলে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম

বার্সেলোনায় খেলার স্বপ্ন পূরণ না হওয়ার হতাশা কাটিয়ে নতুন সূচনা করতে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবলের কিংবদন্তি রোনালদিনহোর ছেলে জোয়াও মেন্ডেস। ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব হাল সিটি ২০ বছর বয়সী এই উইঙ্গারকে এক বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে।

গত মৌসুমে বার্নলির অনূর্ধ্ব-২১ দলে খেলে ইংল্যান্ডের ফুটবলে অভিজ্ঞতা অর্জন করেছিলেন মেন্ডেস। তবে এখনও পেশাদার লিগে অভিষেক হয়নি। এর আগে ২০২৩ সালে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে যোগ দিলেও মাত্র ১৮ মাসের মাথায় ২০২৪ সালে তাকে ছেড়ে দেয় কাতালান ক্লাবটি। বার্সেলোনার হয়ে ২০৭ ম্যাচ খেলা এবং ২০০২ বিশ্বকাপ ও ২০০৫ ব্যালন ডি’অরজয়ী রোনালদিনহোর ছেলের পথচলা শুরু হচ্ছে হাল সিটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে।

নতুন দলে যোগ দিয়ে মেন্ডেস বলেন, ‘আমি সত্যিই খুব খুশি ও রোমাঞ্চিত। আশা করি এটা আমার জন্য ভালো মৌসুম হবে। আমি ডানদিকের উইঙ্গার কিংবা আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলি। আমি দ্রুতগতির, সৃজনশীল এবং এক্সপ্লোসিভ খেলোয়াড়। ব্রাজিল, স্পেন ও ইংল্যান্ড—এই তিন ধরনের ফুটবল সংস্কৃতিতে খেলার অভিজ্ঞতা আমার খেলাকে আরও সমৃদ্ধ করবে বলে বিশ্বাস করি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত