বুলবুলকে নির্বাচন করতে জায়গা ছেড়ে দিলেন আশরাফুল

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ পিএম

‎বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এর মধ্যেই ঘোষণা দিয়েছেন বিসিবির আগামী নির্বাচনে অংশ নেওয়ার। গত কিছুদিন ধরে ক্রিকেটাঙ্গনে গুঞ্জন চলছে, ঢাকা বিভাগের কাউন্সিলর হয়ে বিসিবি নির্বাচনে দেখা যেতে পারে আমিনুলকে। সেই গুঞ্জনই বাস্তবতার ভিত্তি পেল ক্রীড়া মন্ত্রণালয়ের আচমকা এক পদক্ষেপে।

‎গত ৮ জুলাই গঠিত ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে আহবায়কের পরই প্রথম সদস্য হিসেবে নাম ছিল সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। দুমাস পর গত ৮ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন স্বাক্ষরিত সেই কমিটিতে আশরাফুলকে বাদ দিয়ে বুলবুলের নাম রাখা হয়েছে ‘ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রাক্তন অধিনায়ক হিসেবে।’

দুমাসের মধ্যে আশরাফুলকে সরিয়ে বুলবুলের নাম ঢোকানো হয়েছে  

‎আজ আশারাফুল জানিয়েছেন তার জায়গায় বুলবুলকে যুক্ত করার পরিকল্পনার কথা শোনার পর বিনা দ্বিধায় রাজি হয়ে গেছেন তিনি। "আমার জায়গায় যদি উনি ইলেকশন করেন, যেহেতু উনার আবার ইলেকশন করার ইচ্ছা হয়েছে… আমি শুনে বলছি, খুব তাড়াতাড়ি দেন, আমার কোনো সমস্যা নাই", গণমাধ্যমকে বলেছেন আশরাফুল।

‎বুলবুলকে নিজের ক্রিকেট জীবনের বড় প্রেরণা উল্লেখ করে আশরাফুল আরও বলেন, "সেই ৯৭–৯৮ থেকে যখন আমি বল বয় ছিলাম, উনাদের খেলা দেখেই বড় হয়েছি। আমার লেভেল থ্রি কোচিং কোর্সও উনার হাত ধরেই হয়েছে। তো যেহেতু এনএসসি থেকে বলা হয়েছে যে বুলবুল ভাইকে আমার পজিশনে দিয়ে উনি ইলেকশন করবেন, আমি খুব খুশি মনে জায়গা ছেড়ে দিয়েছি।"

‎এনএসসির সিদ্ধান্তে ঢাকার বিভাগীয় ক্রীড়া সংস্থার পরিচালক হিসেবে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার পথ আরও সুগম হলো বুলবুলের। সেই সাথে এনএসসি কোটায় বুলবুলের সংগে বিসিবির পরিচালক হওয়া নাজমুল আবেদীন ফাহিমকে ঢাকা জেলার আহবায়ক কমিটির সদস্য করা হয়েছে। অর্থাৎ তিনিও নির্বাচন করতে যাচ্ছেই এই ক্যাটাগরি থেকে।

‎বিসিবি নির্বাচনে আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থার প্রতিনিধিরা ক্যাটাগরি ১-এ নির্বাচিত হয়ে আসেন। ৭ পুরনো বিভাগ ও ৬৪ জেলার ৭১ জন কাউন্সিলর ১০ পরিচালক নির্বাচন করেন। এর মধ্যে ঢাকা বিভাগের ২ পরিচালক পদে ভোট দেন ১৮ কাউন্সিলর। ২০২১ এর নির্বাচনে এই বিভাগ থেকে নাইমুর রহমান দুর্জয় ও তানভীর আহমেদ টিটু নির্বাচিত হয়েছিলেন।  

বিসিবি নির্বাচন আগামী মাসের প্রথম সপ্তায় আয়োজিত হবে বলে শোনা যাচ্ছে। চার বছর মেয়াদী বিসিবির পরিচালনা পর্যদের নির্বাচন হয়েছিল ২০২১ এর ৬ অক্টোবর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত