ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করা হয়েছে। বিকেলের মধ্যে অবরোধ তুলে না নেয়া হলে বলপ্রয়োগের মাধ্যমে সেটি সরানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করা হয়েছে। বিকেলের মধ্যে অবরোধ না তুলে নেয়া হলে বলপ্রয়োগের মাধ্যমে সেটি সরানো হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সরকার কারাবন্দি থাকা দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজার মেয়াদ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। নারী কারাবন্দিদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমিয়ে ২০ বছর করা হবে। পুরুষ কারাবন্দিদের সাজার মেয়াদ এটির চেয়ে কিছুটা বেশি হতে পারে। তবে সেটি কত হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার কথা জানান। এছাড়া আগামী নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশিক্ষণসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
