ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। এবার মহোৎসবের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে জাতির সত্যিকার অর্থে নবজন্ম হবে।
আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সমঝোতা বলেন, ঐক্য বলেন আর যাই বলেন, যখন নির্বাচনে যাবো তখন একমত হয়ে সবাই যাবো। এরমধ্যে কোনো দ্বিমত আমরা রাখবো না।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসতেই হবে। এক্ষেত্রে আমাদের কাছে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা।
