‘শুধু ঈশ্বরই আমাকে বিচার করতে পারেন’ প্রেমিকাকে নিয়ে ইয়ামালের রহস্যময় পোস্ট

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ এএম

স্পেনের তরুণ ফুটবল প্রতিভা লামিনে ইয়ামাল ও আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সম্পর্ক যেন নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন, যেখানে নিকোলকে দেখা গেছে তার পরিবার ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে। ছবিগুলোর সঙ্গে ইয়ামাল ব্যবহার করেছেন টুপাক শাকুরের জনপ্রিয় গান ‘শুধু ঈশ্বরই আমাকে বিচার করতে পারেন’।

বার্সেলোনার এই ১৮ বছর বয়সী ফরোয়ার্ডের পোস্ট করা ছবিগুলোর মধ্যে একটি ছবি বেশ আলোচনায় এসেছে, যাতে খালি গায়ের ইয়ামালকে জড়িয়ে আছেন নিকোল। অন্য এক ছবিতে নিকোলকে দেখা যায় ইয়ামালের ছোট ভাই কেয়েনের (যার বয়স মাত্র ৩ বছর) সঙ্গে খেলা করতে ও সুশি খেতে। এছাড়াও একটি ভিডিওতে দুজনকে একসঙ্গে আনন্দঘন মুহূর্তে দেখা গেছে। ইয়ামাল-নিকোলের এই ছবিটিই উঠে এসেছে আলোচনায়।

ছবিগুলোর বেশিরভাগই ছিল কেয়েনের জন্মদিনের অনুষ্ঠানের। জন্মদিনে অতিথি হিসেবে ছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহার ছেলে গায়েল, যিনি কেয়েনের সমবয়সী। শিশুদের এই বন্ধুত্ব গড়ে উঠেছে ক্যাম্প ন্যু ও অলিম্পিক স্টেডিয়ামের খেলাঘরে, যেখানে প্রায়ই ফুটবলারদের পরিবারের সদস্যদের আড্ডা জমে। জন্মদিনের কেকও ছিল বিশেষ আকর্ষণ। বিখ্যাত কেক নির্মাতা দিয়েগো মেহিয়া কেয়েনের জন্য বানান স্পাইডার-ম্যান থিমের কেক। এর আগে ইয়ামালের ১৮তম জন্মদিনে তিনি ড্রাগন বল থিমের কেক তৈরি করেছিলেন।

এই অনুষ্ঠানে নিকির উপস্থিতি প্রমাণ করেছে যে তিনি এখন ইয়ামালের প‌রিবারের একজন হয়ে উঠেছেন। যদিও তাদের সম্পর্কের বয়স মাত্র এক মাসের মতো, তবে তিনি ইতিমধ্যেই পরিবারে নিজেকে মানিয়ে নিয়েছেন। এর আগে নিকি আর্জেন্টিনা সফরে গেলে তাদের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন ওঠে। কিন্তু স্পেন জাতীয় দলের ড্রেসিংরুমে ইয়ামালের এক সতীর্থ তাকে ভিডিও কলে নিকির সঙ্গে কথা বলতে দেখে সেই গুঞ্জন স্তিমিত হয়।

এই ব্যক্তিগত জীবনের আলোচনার পাশাপাশি ইয়ামালের শারীরিক অবস্থা নিয়ে ক্লাব ও জাতীয় দলের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। বার্সেলোনার কোচ হানসি ফ্লিক অভিযোগ করেছেন, স্পেন তাকে পুরোপুরি ফিট না থাকা অবস্থায় মাঠে নামিয়েছে। গত মাসে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে ম্যাচে যথাক্রমে ৭৩ ও ৭৯ মিনিট মাঠে ছিলেন ইয়ামাল, যদিও তার তখন কোমরে ব্যথা ছিল। এই কারণে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারেননি। যদিও তাকে ছাড়াই বার্সা বিশাল জয় পেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত