টিকটক নিয়ে অবশেষে চীনের সঙ্গে সমঝোতায় যুক্তরাষ্ট্র

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

যুক্তরাষ্ট্রে টিকটক চালু রাখার বিষয়ে ট্রাম্প প্রশাসন ও চীনের মধ্যে চুক্তি হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রশাসনের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, টিকটক ইস্যুতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আগামী শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় বসে এই চুক্তি চূড়ান্ত করবেন।

বেসেন্ট সাংবাদিকদের বলেন, এই চুক্তি করতে প্রেসিডেন্ট ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গত রাতে তার সঙ্গে আমাদের ফোনে কথা হয়েছে। তার দেয়া দিকনির্দেশনা আমরা চীনা কর্মকর্তাদের জানিয়েছি। তার নেতৃত্ব ছাড়া এই সমঝোতা সম্ভব হতো না।

এই সপ্তাহে স্পেনের মাদ্রিদে বাণিজ্য ও অন্যান্য বিষয়ে আলোচনায় বসেছেন দুই দেশের কূটনীতিকেরা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বৈঠকে নেতৃত্ব দেন বেসেন্ট।

বেসেন্ট আরও বলেন, টিকটক নিয়ে আমরা বিশেষভাবে আলোচনা করেছি। আমাদের লক্ষ্য ছিল এমন একটি চুক্তি করা, যা চীনের জন্য ন্যায্য এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা চিন্তার প্রতি শ্রদ্ধাশীল। আমাদের করা চুক্তিতে সেটা নিশ্চিত করা হয়েছে। আমরা চাই, চীনের বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রে অনুকূল পরিবেশ থাকুক। তবে আমাদের কাছে সব সময় জাতীয় নিরাপত্তাই সবার আগে।

এর আগে ট্রাম্প একাধিকবার টিকটক নিয়ে চীনের সঙ্গে আলোচনার সময়সীমা বাড়িয়েছিল। শর্ত ছিল, টিকটকের যুক্তরাষ্ট্র শাখার অন্তত-একটি অংশ মার্কিন মালিকানায় নিতে হবে। মার্কিন কংগ্রেসে পাস ও প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত এক আইনে বলা হয়েছিল, টিকটকের মালিকানা চীনের হাতে থাকলে যুক্তরাষ্ট্রে তা নিষিদ্ধ থাকবে। তবে ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্ট থাকার শেষ দিকে টিকটক নিষিদ্ধ করতে চেয়েছিলেন। কিন্তু তখন তা কার্যকর হয়নি। তবে ২০২৪ সালের নির্বাচনে নিজের জয়লাভে টিকটকের ভূমিকা দেখে ট্রাম্প তার অবস্থান পাল্টান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত