বাংলাদেশ নারী ক্রিকেট দল নারীশক্তি ও তরুণ প্রজন্মের প্রতীক: প্রণয় ভার্মা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ পিএম

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে যাত্রা শুরুর আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তাঁর স্ত্রী মনু ভার্মা ঢাকার ইন্ডিয়া হাউসে এ সংবর্ধনার আয়োজন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, 'ভারত ও বাংলাদেশের সম্পর্ক ভূগোল, ইতিহাস, ভাষা ও সংস্কৃতির বন্ধনে অটুট। আরেকটি গুরুত্বপূর্ণ যোগসূত্র হলো ক্রিকেটের প্রতি ভালোবাসা।' তিনি উল্লেখ করেন, 'সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের নারী ক্রিকেট দল চমকপ্রদ রূপান্তরের মধ্য দিয়ে গেছে। তারা প্রবল উদ্দীপনা নিয়ে উচ্চমানের ক্রিকেট খেলছে এবং নিজেদের দেশকে গর্বিত করছে।'

প্রণয় ভার্মা বাংলাদেশ নারী ক্রিকেট দলকে নারীশক্তি ও তরুণ প্রজন্মের প্রতীক হিসেবে অভিহিত করেন। তিনি আশা প্রকাশ করেন, এ দল বাংলাদেশের প্রতিটি কন্যাশিশুকে স্বপ্নপূরণের সাহস যোগাবে। ক্রিকেট ছাড়াও যেকোনো ক্ষেত্রে সাফল্য অর্জনের অনুপ্রেরণা হবে তারা। তিনি নারী ক্রিকেট দলকে সফল বিশ্বকাপ অভিযানের শুভকামনা জানান।

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে ভারতীয় হাইকমিশন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং আসন্ন বিশ্বকাপে আইসিসির প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাওয়া সাথিরা জাকির জেস। 

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ হবে এ টুর্নামেন্টের ১৩তম আসর। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে এবারের আসর, ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ২ নভেম্বর পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত