গণতন্ত্রের মূল ভিত্তি পারস্পরিক আস্থা: ড. মঈন খান

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ পিএম

দেশের সব রাজনৈতিক দল অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘ভোটাররা যাকে ভোট দেবে, তারাই জয়ী হবে, এখানে কোনো মারামারি বা সংঘাতের অবকাশ নেই।’

ড. মঈন খান আরও বলেন, ‘পারস্পরিক আস্থাবোধ না থাকলে শুধু সংস্কার দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়।’ তার মতে, গণতন্ত্রের মূল ভিত্তিই হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধাবোধ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপে ‘গণতান্ত্রিক পুনর্গঠন’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, ‘রাজনৈতিক দলগুলো সবাই সংস্কার নিয়ে একমত হয়ে যাবে এটা ভাবা ভুল। সবাইকে একমতে এনে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধরণায় বিশ্বাস করি না। প্রথাগত পদ্ধতি থেকে আমাদের বের হতে হবে। প্রথাগত ধারণা ও বদ্ধ চিন্তা ভাবনা নিয়ে রাজনীতি করলে ৫ আগস্টের মত পরিণতি আবারও ঘটতে পারে। এ সময় বর্তমানে চলমান সংস্কার প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধগত নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এছাড়া জ্বালানি, খাদ‍্য, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব‍্যবহারের নিরাপত্তা নিশ্চিতে করতে হবে। এ সময় রাষ্ট্রের নিরাপত্তার আগে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে সকল রাজনৈতিক দল একমত। ভোটাররা যাকে ভোট দিবেন তারাই জিতবে। এটি নিয়ে বিরোধের কিছু নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত