ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে শততম টেস্ট খেলতে যাচ্ছেন মুশফিকুর রহিম

 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম

সূচী অনুযায়ী নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশের। কিন্তু ক্রিকেট আয়ারল্যান্ড প্রস্তাব দিয়েছিল দ্বিতীয় টেস্টের বদলে ওয়ানডে সিরিজ খেলার। অবশেষে ‍দুই বোর্ডের সমঝোতায় দ্বিতীয় টেস্ট খেলতে সম্মত হয়েছে আয়ারল্যান্ড। আর সবকিছু ঠিক থাকলে আইরিশদের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় টেস্টটি হতে যাচ্ছে প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমের শততম টেস্ট।

২০০৫ সালে ১৮ বছর বয়সে লর্ডসে টেস্ট অভিষেক হয় মুশফিকের। শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট খেলেন তিনি। কুড়ি বছরের যাত্রায় তার ঝুলিতে জমা হয়েছে ৯৮টি টেস্ট খেলার অভিজ্ঞতা। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর সাবেক এ অধিনায়ক এখন শুধু টেস্ট ফরম্যাটেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

সিলেটে ১১ নভেম্বর বাংলাদেশ ওআয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট মাঠে গড়াবে। দ্বিতীয় টেস্ট হবে ১৯ নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মুশফিক বাংলাদেশের একমাত্র ব্যাটার, যার টেস্টে রান সংখ্যা ৬০০০ এর বেশি। জিম্বাবুয়ের বিপক্ষে ২০২০ সালে তার অপরাজিত ২১৯ রানের ইনিংসটি বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এছাড়া আরও দুটি ডাবল সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে। ৩৮.১২ গড় নিয়ে টেস্টে ১২ বার শতরান পেরিয়েছেন তিনি।

দুই টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজেরে ম্যাচগুলো হবে ২৭ ও ২৯ নভেম্বর চট্টগ্রামে এবং ২ ডিসেম্বর ঢাকায়। তার আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকেও আতিথ্য দেবে বাংলাদেশ। সাদা বলের সিরিজ দুটির তিনটি ওয়ানডে হবে ১৮, ২০ ও ২৩ অক্টোবর এবং তিনটি টি-টোয়েন্টি ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত