পারফরম্যান্স নয়; বাংলাদেশের ভরসা সমীকরণ আর ‘কপালের লিখন’

 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম

আফগানিস্তানকে প্রথমবারের মতো বিদেশের মাটিতে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচেই ঠিক হয়ে যাবে লিটনদের ভাগ্য। আবুধাবিতে গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলা লিটনরা আপাতত দুবাই অবস্থান করছেন। এখান থেকেই তারা দেশে ফেরার বিমানে উঠবেন অথবা সুপার ফোরের ম্যাচ খেলার প্রস্তুতি নেবেন।

শ্রীলঙ্কা জিতলে কিংবা ম্যাচটি পরিত্যক্ত হলেই কেবল সুপার ফোর পর্বে যেতে পারবে বাংলাদেশ। দুবাইয়ের উদ্দেশে যাত্রার আগে নাসুম আহমেদ তাই বলে গেছেন, ‘যারা ভালো খেলবে ওরাই জিতবে। নির্দিষ্টভাবে কাউকে সমর্থন করা বা কারও জন্য দোয়া করার প্রয়োজন আমি মনে করছি না। যেটা লেখা আছে কপালে ওটাই হবে। কাজেই আমরা এটা নিয়ে এত ভাবছি না। যা হওয়ার তাই হবে।’

আজ শ্রীলঙ্কা যদি আফগানদের হারাতে পারে, তাহলে কোনো সমীকরণ ছাড়াই বাংলাদেশ উঠবে সুপার ফোরে। ম্যাচ পরিত্যক্ত হলেও একই সুবিধা পাবেন নাসুমরা। কিন্তু আফগানিস্তান জিতলেই ঝামেলায় পড়বে বাংলাদেশ। তখন বাংলাদেশের স্বার্থে আফগানিস্তানকে অন্তত ৬৫ বা তার বেশি রানের ব্যবধানে জিততে হবে। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করলে তাদের জিততে হবে ৫০ বল হাতে রেখে।

তাই নাসুম আহমেদের কথাটাই বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। নিজেদের পারফর্মেন্স দিয়ে যখন সুপার ফোর নিশ্চিত করা যায়নি, তখন কপালের ওপর সব ছেড়ে দেওয়া ছাড়া কীইবা করার আছে নাসুমদের? গ্রুপ পর্বে দুটি ম্যাচ জেতা বাংলাদেশের ব্যাটিং ছিল যাচ্ছেতাই। হাতুড়ি-শাবল দিয়ে অনুশীলন করেও দেখা যায়নি চার-ছক্কার ঝড়। তাই নাসুম স্বীকার করুন বা না করুন, বাংলাদেশ আজ শ্রীলঙ্কার জয় চাইবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত