গরু ছাগলের চামড়ায় ব্যবহারের লবণে রং মিশিয়ে বিট লবণ তৈরি হতো একটি কারখানায়। সেখান থেকে বাজারে বিক্রি হতো দেদারসে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাওয়া গেল সেই কারখানার সন্ধান। বগুড়া শহরের দক্ষিণ ফুলবাড়ী শিববাটি ব্রিজ সংলগ্ন স্থানে এ কারখানাটি।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে অধিদপ্তরের বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে বেলা সাড়ে ১১টায় সেখানে অভিযান চালিয়ে ৬০ বস্তা লবণ জব্দ করে তা ধ্বংস ও এক লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, বগুড়ার বিভিন্ন বাজারে খাবার অযোগ্য বিট লবণ বিক্রি হতো সেই লবণ কোথা থেকে আসে তা অনুসন্ধান করতেই তারা খবর পান এই কারখানার। কবি হোসেন নামে এক ব্যক্তি এখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে এ কারখানা পরিচালনা করছিলেন। অভিযানে ৬০ বস্তা ইন্ডাস্ট্রিয়াল লবণ জব্দ করে তা ধ্বংস করা হয়। এছাড়া খাবার অযোগ্য লবণে রং মিশিয়ে বিট লবণ তৈরি ও তা বাজারজাত করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, প্রতি কেজি ১০ টাকা দরে এসব লবণ কিনে মেশিনে গুড়া করে ২৫ টাকা কেজি দরে বিট লবণ হিসেবে বিক্রি করতো। অভিযানে ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জয়পুরহাটে ছাত্রদলের ৭ নেতাকে বহিষ্কার
ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে প্রয়োগ করা হবে