খেলা শেষে বাবার মৃত্যুসংবাদ পেলেন ভেল্লালাগে; শোকার্ত লিটন-নবিরাও

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ এএম

শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগের জীবনে বৃহস্পতিবার রাতে নেমে এলো ব্যক্তিগত এক গভীর শোক। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ জয়ের পর মাঠেই তিনি জানতে পারেন— হৃদরোগে আক্রান্ত হয়ে তার বাবা সুরঙ্গা ভেল্লালাগে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।

ম্যাচের পর শ্রীলঙ্কা যখন ১৭০ রানের লক্ষ্য তাড়া করে জিতে সুপার ফোরে ওঠার আনন্দে মেতে উঠছিল, তখনই দলের প্রধান কোচ সনাথ জয়াসুরিয়া এবং ম্যানেজার মাঠেই দুনিথকে তার পিতার মৃত্যুর দুঃসংবাদটি জানান। খবরটি শোনার পরপরই ২২ বছর বয়সী এই অল-রাউন্ডার দেশের উদ্দেশে রওনা হন। ফলে চলমান টুর্নামেন্টের বাকি অংশে তার খেলা এখন অনিশ্চিত।

সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার রাসেল আর্নল্ড সনি স্পোর্টস নেটওয়ার্কে ধারাভাষ্য দিতে গিয়ে বলেন, ‘দুনিথ ভেল্লালাগের বাবা সুরঙ্গা কিছুক্ষণ আগেই মারা গেছেন। তিনি নিজেও ক্রিকেট খেলেছেন। আমাদের স্কুল ক্রিকেট অনেক বড় ব্যাপার— আমি যখন সেন্ট পিটার্স কলেজের অধিনায়ক ছিলাম, তখন তিনি প্রিন্স অব ওয়েলস কলেজের অধিনায়ক ছিলেন। খবরটি সত্যিই দুঃখজনক। দলে সবাই খুব ঘনিষ্ঠ, তাই আশা করি এই দুঃসময়েই তারা একে অপরের পাশে থাকবে এবং সুপার ফোরে ভালো করবে।’

দলীয় সতীর্থসহ শ্রীলঙ্কার ক্রিকেটাঙ্গন থেকেও শোকবার্তা আসছে। সাবেক লঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গা ‘এক্স’-এ লিখেছেন, ‘দুনিথ ভেল্লালাগের বাবা সুরঙ্গার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবারের প্রতি রইলো সমবেদনা। দুনিথ, শক্ত থাক। পুরো জাতি এই কঠিন সময়ে তোমার পাশে আছে।’

শ্রীলঙ্কার জয়ে সুপার ফোরে ওঠা বাংলাদেশ অধিনায়ক লিটন দাস লিখেছেন, ‘মাথা উঁচু করে থাকো, দুনিথ ভেল্লালাগে। তোমার বাবা সুরঙ্গা ভেল্লালাগের (৫৪) মৃত্যু সংবাদে আমরা গভীরভাবে শোকাহত — তিনিও একসময় ক্রিকেটার ছিলেন। সর্বশক্তিমান যেন তাঁর আত্মাকে চিরশান্তি দান করেন এবং এই কঠিন সময়ে তোমার ও তোমার পরিবারকে শক্তি, সাহস ও সান্ত্বনা প্রদান করেন। দুনিথ, শক্ত থেকো — পুরো ক্রিকেট বিশ্ব তোমার পাশে আছে।’

গতকালের ম্যাচে ভেল্লালাগের পারফরম্যান্স ছিল হতাশাজনক। টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলতে নেমে তিনি ৪ ওভারে দেন ৪৯ রান, পান মাত্র একটি উইকেট। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি তার এক ওভারে ৫টি ছক্কা হাঁকিয়ে ২০তম ওভারে তুলেছিলেন ৩২ রান। পরে নবিও সামাজিক মাধ্যমে দুনিথকে সমবেদনা জানিয়ে লেখেন, ‘দুনিথ ভেল্লালাগের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। শক্ত থাকো ভাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত