পটুয়াখালীর কুয়াকাটায় জমি নিয়ে বিরোধের জেরে আনোয়ার হোসাইন নামে এক আইনজীবীকে মারধধের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
আহত আইনজীবী আনোয়ার হোসাইন অভিযোগ, পটুয়াখালীর নয়াকাটা গ্রামের একটি মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরে কুয়াকাটার হারুন মৃধার সঙ্গে তার বিরোধ চলছে। এ বিষয়ে প্রায় একমাস আগে আদালতে একটি মামলা দায়ের করেন। এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে কুয়াকাটায় সালিশ মীমাংসার কথা ছিল। কিন্তু তিনি কুয়াকাটায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে হারুন মৃধা ও তার ভাইয়ের নেতৃত্বে ১৫ জন লোক তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে আহত করেন। পরে তিনি স্থানীয়দের সহায়তা কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি হন।
অভিযুক্ত হারুন মৃধা বলেন, আনোয়ার হোসেন আমার জমি জোর করে দখল করে নিয়েছেন। আমাকে চাঁদাবাজিসহ কয়েকটি মামলাও দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ নিয়ে আমাকে ধরতে এলে। তার সঙ্গে মারামারির ঘটনা ঘটে।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, বিষয়টি আমরা জেনেছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
