নরসিংদীতে পৃথক স্থানে দুই নারী খুন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্জল আলোকবালীতে ইদন মিয়া হত্যাকাণ্ডের এক দিনের মাথায় ফেরদৌসি আক্তার (৩৫) নামে এক গৃহবধুকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে আলোকবালী ইউনিয়নের বীরগাঁও সাতপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এর আগে গত বৃহস্পতিবার ভোরে বিএনপির দুটি বিবাদমান গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ইদন মিয়া নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। অপর দিকে বৃহস্পতিবার রাতে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের পলাশতলী গ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী শিউলি আক্তার (৩০) খুন হন।

নিহত ফেরদৌসী আক্তার আলোকবালী ইউনিয়নের বীরগাঁও সাতপাড়া গ্রামের রয়েস আলীর স্ত্রী।

অপর দিকে শিউলি আক্তার শ্রীনগরের পলাশতলী গ্রামের মস্তু মিয়ার মেয়ে। পুলিশ নিহত দুই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালী ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ আলম চৌধুরী ও বহিস্কৃত সদস্য সচিব কাইয়ুম মিয়ার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে শাহ আলম চৌধুরীর গ্রুপের হামলায় গুলিতে কাইয়ুম সমর্থক ইদন মিয়া (৬০) নিহত হয়। এসময় গুলিবিদ্ধসহ আরো ১০ জন আহত হয়।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ চলাকালে কাইয়ুম গ্রুপের হামলায় শাহ আলম গ্রুপের সমর্থক সাতপাড়া গ্রামের রয়েস আলীর বাড়ীর উঠানে তার স্ত্রী ফেরদৌসী আক্তার (৩৫) কে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ হামলার ঘটনায় আরো দুই ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার জানান, আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে জেলা পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে নরসিংদীর রায়পুরার শ্রীনগর ইউনিয়নের পলাশতলী গ্রামে দাম্পত্য কলহকে কেন্দ্র করে স্বামী মানিক মিয়ার ছুরিকাঘাতে স্ত্রী শিউলি আক্তার (৩০) খুন হয়েছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে শিউলি আক্তারের সঙ্গে মানিক মিয়ার পারিবারিক বিষয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মানিক মিয়া তার স্ত্রী শিউলির বুকের মধ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে বাঁশগাড়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় ঘাতক স্বামী মানিক মিয়াকে আটক করা হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত