চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংর্ঘষের ঘটনায় বাস চালক মো. আরাফাত (২৫) নিহত হয়েছেন। সে কক্সবাজার জেলার চকরিয়া এলাকার নুরুল হোসেনের পুত্র। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলা নয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে অন্তত আহত হয়েছে দুই বাসের ২৫-৩০ জন যাত্রী। এর মধ্যে আলী হায়দার (২৩), ইসমাইল (২৯), জালাল উদ্দীন (২৫), নুর বানু (১৮), মানিক (২৩), আলমগীর (২৩), প্রফেসর আহমদ কবির (৪৮), আসিফ (৩০), ইসফাকুল ইসলাম সৌরভ (১৯), নাছির উদ্দীন (৪৫), নাঈম উদ্দিন (২২), আলিফ (২২), সৌরভ (১৯), ছেনুয়ারা বেগম (৪৮), মনোয়ারা বেগম (৪০), লুৎফুরনেছা (৩৫), আকবর আলী (৪৪), নাবিল (১১ মাস), গিয়াস (১৮) ও ফারজানা আকতারকে পটিয়া হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনার পর চট্টগ্রাম কক্সবাজার আরকান সড়কের পটিয়া নয়াহাট এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হলেও রাতে এ রিপোর্ট লেখাকালীন সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ।
জানা গেছে, চট্টগ্রাম ছেড়ে আসা কক্সবাজারমুখী ঈগল পরিবহনের একটি বাস নয়াহাট এলাকায় পৌছলে চট্টগ্রামমুখী একটি সৌদিয়া পরিহবনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ২৫-৩০ জন যাত্রী আহত হয়। এ ঘটনায় ঈগল বাসের চালক আরাফাত মারা যায়।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম জানান, নয়াহাট এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক গাড়ি চালক নিহত হয়েছেন। এতে অনেক যাত্রী আহত হয়েছে। গাড়ি উদ্ধার করা হয়েছে।
