ফেসবুক লাইভে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ, সেই কর্মী বহিষ্কৃত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে জামায়াতের একজন নেতা নাকি চেষ্টা করছেন—এমন অভিযোগ ফেসবুক লাইভে তুলে জামায়াতের এক কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত কর্মীর নাম মো. রুবেল আনসারী। তিনি সীতাকুণ্ড পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। 

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুবেল আনসারীর অভিযোগ ভিত্তিহীন এবং লাইভে দেওয়া বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত। এতে সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মোহাম্মদ সেলিমকে থানায় সোপর্দ করে পৌর জামায়াতের নেতাকর্মীরা। সে সময় উপজেলা জামায়াতের রুকন মো. জাহাঙ্গীরও থানায় উপস্থিত ছিলেন। রুবেল আনসারী লাইভে দাবি করেন, মো. জাহাঙ্গীর সেলিমকে ছাড়াতে থানায় এসেছেন।

পুলিশ জানায়, মো. সেলিম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক। তাকে গত বছর একটি হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং বর্তমানে কারাগারে রয়েছেন।

রুবেল আনসারীর দাবি, তিনি যা বলেছেন সবই সত্য এবং আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দেওয়ার জন্য জাহাঙ্গীর নিজেই সুপারিশ করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত