আহত হয়ে বিশ্রামে সালমান

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম

ভারতের লাদাখে গিয়ে আহত হলেন বলিউড সুপারস্টার সালমান খান। বর্তমানে ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত তিনি। ছবিতে বেশ কিছু কঠিন লড়াইয়ের দৃশ্যে সলমন নিজেই শুটিং করছেন। তেমনই একটি দৃশ্যের শুটিং চলাকালীন চোট পান সালমান। 

জানা গেছে, লাদাখের বরফাবৃত এলাকায় কনকনে ঠান্ডায় শুটিং চলছিল। ৪৫ দিন ধরে এই শুটিং চলার কথা। তার মধ্যে ১৫ দিন সালমানের শুটিং রাখা হয়। বেশ কিছু লড়াইয়ের ও আবেগপ্রবণ দৃশ্যে শুটিং করেছেন ভাইজান। ১০ ডিগ্রির নীচে ছিল এলাকার তাপমাত্রা, অক্সিজেনের অভাবও ছিল। এই অবস্থায় শুটিং করতে গিয়েই আহত হন তিনি। তবে চোট নিয়েই শুটিং শেষ করেন। 

লাদাখের শুটিং শেষ হওয়ায় আগামী কয়েক দিন বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিশ্রাম সেরে ফের শুটিং শুরু করবেন। পরবর্তী শুটিং মুম্বাইয়ে হবে বলে জানা যাচ্ছে। মুম্বাইয়ে সেই ভাবে লড়াইয়ের দৃশ্য নেই। অপূর্ব লখিয়া পরিচালিত ছবির আবেগপ্রবণ ও পারিবারিক দৃশ্যগুলির শুটিং হবে সেখানে। 

ছবির ঝলক ইতিমধ্যেই দেখেছেন দর্শক। ঝলক দেখে শিউরে উঠেছিলেন সালমানের অনুরাগীরা। রক্তাক্ত সলমন। তার কপাল ফেটে রক্তের ধারা নেমে আসছে। ক্ষতবিক্ষত হাতে মুগুর। রক্তচক্ষু নিয়ে স্থির তাকিয়ে তিনি। সালমানকে এই রূপে দেখে মুগ্ধ তার অনুরাগীরা। তাদের বক্তব্য, ‘বড় কিছু ঘটতে চলেছে বলিউডে।’ এক অনুরাগী লিখেছেন, ‘সালমানকে এই ভাবে দেখে গায়ে কাঁটা দিচ্ছে। সেরার সেরা একেই বলে!’  আর একজন লিখেছেন, ‘টাইগারের প্রত্যাবর্তন হচ্ছে।’

২০২৬ সালের অাগস্ট মাসে এই ছবি মুক্তি পাওয়ার কথা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত