সাজাপ্রাপ্ত ৮ ছাত্রদল নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম

নাশকতার মামলায় সাবেক ও বর্তমান ছাত্রদলের আট নেতাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত। 

রবিবার (২১ সেপ্টেম্বর) ঢাকার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও মিনহাজুর রহমানের আদালতে শুনানির পর এ আদেশ জারি হয়।

আসামিপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর জানান, নাশকতার মামলায় ছাত্রদলের এই সাবেক ও বর্তমান আট নেতাকে ‘ফ্যাসিস্ট সরকার’ সাজা দিয়েছিল। মিথ্যা মামলায় তারা আদালতের প্রতি সম্মান দেখিয়ে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন। শিগগিরই উচ্চ আদালতে এ বিষয়ে আপিল করা হবে।

কারাগারে প্রেরিত আসামিরা হলেন-তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল খান, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. রেজওয়ানুল হক সবুজ, সহসভাপতি সোহাগ মোল্লা, সাবেক ছাত্রদল নেতা মো. শরীফুল ইসলাম মাসুম, ছাত্রদল নেতা হান্নান মামুন, ছাত্রদল নেতা রাশেদ উল্লাহ রাশেদ, ছাত্রদল নেতা আলমগীর বিশ্বাস রাজু ও ছাত্রদল নেতা মো. রাসেল।

এদের মধ্যে গুলশানের এক ও বনানীর দুই মামলায় আব্দুল আওয়াল খানের সাত বছর, গুলশান থানার এক মামলায় রাসেল ও রাজুর সাড়ে তিন বছর এবং বনানী থানার এক মামলায় বাকি পাঁচজনের দুই বছরের সাজা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত