প্রায় এক সপ্তাহ আগে দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত হয়েছেন বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামায়ত নেতা আবুল কালাম আজাদ। এ কারণে এই ইউনিয়নের ২৭ গ্রামের বাসিন্দা নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় জানায়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী শপথ নেওয়ার ৩০ দিনের মধ্যে প্যানেল চেয়ারম্যন নির্ধারণ করার কথা। কিন্তু সেটা যথাযথ নিয়মে না হওয়ায় কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যনের দায়িত্ব দেওয়া যাচ্ছে না। ফলে এই জটিলতার সৃষ্টি হয়েছে। তবে সেখানে প্রশাসক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।
জনগণের ভোগান্তির কথা স্বীকার করে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান বলেন, আইনি জটিলতার কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ সম্ভব হচ্ছে না। জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে প্রশাসক নিয়োগের মাধ্যমে পরিষদের কার্যক্রম স্বাভাবিক করা হবে।
গত বছরের সেপ্টেম্বরে ইউনিয়নের আটজন ইউপি সদস্য চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে প্রায় এক কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগক করেন। দীর্ঘ তদন্তের পর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করার আদেশ দেয় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। যা ১৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।
