‘পাকিস্তানিরা অকারণে তেড়ে আসছিল, ব্যাটেই জবাব দিয়েছি’

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম

এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ে নায়ক হয়ে উঠলেন অভিষেক শর্মা। ৩৯ বলে ৭৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে ৬ উইকেটে জিতিয়ে হয়েছেন ম্যাচসেরা। খেলা শেষে তরুণ ওপেনার জানান, পাকিস্তানি খেলোয়াড়দের অকারণ আগ্রাসনের জবাব তিনি ব্যাট হাতেই দিয়েছেন।

দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই উত্তেজনা ছড়ায়। পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি ও হারিস রউফের সঙ্গে ভারতীয় ওপেনার অভিষেক ও শুবমান গিলের উত্তপ্ত বাগযুদ্ধ দেখা যায়। মাঠের বাইরে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব মাঠেও স্পষ্ট ছিল। হাত মেলাতে অস্বীকৃতি জানানো থেকে শুরু করে দর্শকসারিতে রউফের ভিন্ন ভঙ্গি—সব মিলিয়ে ম্যাচজুড়ে ছিল বাড়তি নাটকীয়তা।

ম্যাচ শেষে অভিষেক বলেন, ‘আজ (গতকাল) খুবই সহজ ছিল ব্যাপারটা। তারা কোনো কারণ ছাড়াই আমাদের দিকে আসছিল, যা আমার মোটেও ভালো লাগেনি। তাই ব্যাট দিয়ে জবাব দেওয়াটাই ছিল আমার একমাত্র লক্ষ্য। দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি।’

শুবমান গিলের সঙ্গে ওপেনিং জুটিতে মাত্র ৫৯ বলে ১০৫ রান তুলে ম্যাচের ভিত গড়ে দেন শাহিন আফ্রিদির প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শুরু করা অভিষেক। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছক্কার মার। অভিষেক-গিল জুটির প্রশংসায় ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘ওরা দুজন একে অন্যকে পরিপূরক করে। কেউ আগ্রাসী খেলছে, অন্যজন ঠাণ্ডা মাথায় ব্যাট করছে। আজকের জুটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।’

নিজের ব্যাটিং স্টাইল নিয়ে অভিষেক বলেন, ‘আমার খেলার ধরন ঝুঁকিপূর্ণ। তবে এজন্য অধিনায়ক আর কোচের সমর্থন পাওয়া খুব জরুরি। আমি সেটা পাচ্ছি বলেই মাঠে নির্ভার হয়ে খেলতে পারছি। অনুশীলনে কঠোর পরিশ্রম করছি, আর যখন দিনটা আমার হয়, তখন জেতানো ছাড়া অন্য কিছু ভাবি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত