ছোটপর্দার দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী এখন থিতু হচ্ছেন বড় পর্দায়। প্রথম সিনেমা তাণ্ডবে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে সফল হন তিনি। শাকিবের পর এবার সিয়ামের নায়িকা হতে যাচ্ছেন সাবিলা নূর কদিন ধরেই এমন খবর উড়ে বেড়াচ্ছিল ঢালিউডের অন্দরে। সিনেমার নাম ‘রাক্ষস’। এর নায়িকা কে হচ্ছেন তা নিয়ে দীর্ঘদিন ধরে ছিল কৌতূহল। সিয়ামের বিপরীতে প্রথমে বেশ কয়েকজন নায়িকার নাম শোনা গিয়েছিল। তবে তাদের কাউকেই চূড়ান্ত করা হয়নি। এবার মিলল আসল খবর। ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের সঙ্গে রোমান্স করবেন সাবিলা নূর।
জানা গেছে. সাবিলা নূর ইতিমধ্যেই ‘রাক্ষস’-এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি সিনেমাটির নির্মাতাপক্ষ থেকে। আর আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে মন্তব্য করতে চান না সাবিলা নূর নিজেও। শিগগিরই সংবাদ সম্মেলন করে ‘রাক্ষস’র নায়ক-নায়িকাসহ পুরো অভিনয়শিল্পীর নাম প্রকাশ করা হবে।
মেহেদী হাসান হৃদয়ের প্রথম সিনেমা ‘বরবাদ’। এর প্রধান চরিত্রে অভিনয় করেন শাকিব খান। তার বিপরীতে দেখা যায় কলকাতার নায়িকা ইধিকা পালকে। এবার তিনি বাজি ধরেছেন সিয়ামকে নিয়ে। সব ঠিক থাকলে ২০২৬ সালের রোজার ঈদে সিনেমাটি বড় পর্দায় মুক্তি দেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।
সাবিলার ক্যারিয়ার যখন মধ্যগগণে, তখন থেকেই সিনেমায় অভিনয়ের বিষয়ে নানা খবর রটে মিডিয়ায়। অনেক প্রস্তাবও পান সাবিলা। কিন্তু গল্প ও চরিত্র এমনকি নির্মাতা পছন্দ না হওয়ায় সিনেমা থেকে দূরেই ছিলেন এই মডেল অভিনেত্রী। অবশেষে গত বছরের শেষের দিকে রায়হান রাফীর তাণ্ডব সিনেমার মাধ্যমে চলচ্চিত্রের খাতায় নাম লেখান সাবিলা। গত কোরবানি ঈদে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এখন সিনেমা তার একমাত্র ধ্যান-জ্ঞান বলেও মন্তব্য করেন তিনি।
