গাঁজা নিয়ে ফেনী কলেজ ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ এএম

ফেনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে গাঁজা রাখার অভিযোগে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন সাগর (২৬) এবং চার মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। এ ঘটনায় জাহিদ হোসেন সাগরকে তার দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরতলীর লালপোল বেদেপল্লী সংলগ্ন মাদ্রাসা রোড এলাকায় অনুষ্ঠিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল হোসেন তমাল ও ফারাজ হাবিব খান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবী নগর উপজেলার মারই কমনহাতা গ্রামের আবদুল মান্নান (৩৫), ফরিদপুরের নগরকান্দা উপজেলার পাঁচখাইচাইল গ্রামের মো. সবুজ মিয়া (৩২) এবং বরিশালের আমতলী উপজেলার বহিলাতলী গ্রামের বশির হাওলাদার (৩০)।

ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন সাগরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ফেনী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় তার সংগঠনিক পদসহ সকল কার্যক্রম থেকে তাকে বহিষ্কার করা হলো।’ 

এই সিদ্ধান্ত গ্রহণ করেন জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।

জানা যায়, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন বলেন, ‘এটি সংগঠনের স্বাভাবিক নীতির পরিপন্থী কাজ। বিষয়টি আমরা যাচাই করে সত্যতা নিশ্চিত করেছি এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, আটক প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী শাস্তি প্রদান করা হয়েছে।

ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক রাজু আহাম্মেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। মাদকদ্রব্য নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত