আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের জন্য বর্তমানে ভিসা চালু না থাকায় এবং ভিসা স্থানান্তরের সুযোগ বন্ধ থাকায় সেখানকার বাংলাদেশি ব্যবসায়ীরা বড় সংকটের মুখোমুখি হয়েছেন। কর্মী সংকটের কারণে তাঁদের ব্যবসা পরিচালনায় জটিলতা সৃষ্টি হচ্ছে। দক্ষ জনবলের অভাবে উৎপাদনশীলতাও কমে যাচ্ছে, যা প্রবাসী অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
দুবাই ভেজিটেবল মার্কেটে বাংলাদেশি মালিকানাধীন কেবিএন রেস্টুরেন্টের চতুর্থ শাখা উদ্বোধনের সময় বক্তারা বলেন, বাংলাদেশ থেকে নতুন কর্মী নিতে না পারায় অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে বিকল্প হিসেবে নেপাল ও শ্রীলঙ্কা থেকে কর্মী আমদানি করছেন। অথচ আমাদের দেশে এখনও অনেক দক্ষ, পরিশ্রমী ও কর্মঠ তরুণ কাজের অপেক্ষায় আছেন। আমরা বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনস্যুলেট সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে অনুরোধ জানাই, এই সমস্যা দ্রুত সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক। ভিসা প্রক্রিয়া সহজ করা হোক।
আবির বিজনেস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি ইয়াকুব সৈনিক ফিতা কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ ইয়াকুব সৈনিক বলেন, ‘আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের কথা মাথায় রেখে বিশুদ্ধ খাবারের প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকসেবা দিয়ে আসছি। খাবারের মান বজায় রেখে আমিরাতের বিভিন্ন স্টেটে প্রবাসী বাংলাদেশিদের আস্থা অর্জন করেছে কেবিএন রেস্টুরেন্ট। আবির ভেজিটেবল মার্কেটে প্রায় লাখ খানেক বাংলাদেশি প্রবাসীকে উন্নত সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করল।’
তিনি আরও বলেন, দেশের গণ্ডি পেরিয়ে আমিরাতে চতুর্থ শাখার যাত্রা শুরু করতে পারা আনন্দের।
উদ্বোধনী অনুষ্ঠানে আবির বিজনেস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সিআইপি নজরুল ইসলাম, মোহাম্মদ রফিকুল আলম, সিরাজুল ইসলাম নবাব, মোহাম্মদ মঞ্জু, কমিউনিটি নেতা, সাংবাদিক এবং সাধারণ শ্রমিকেরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী ও ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক